হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৭:০৭:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ৫ জন ও বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৯ জন মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪০ হাজার ৯০৯ জনের।
অপরদিকে দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৫৮ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন ও বরিশাল বিভাগে একজন। একই সময়ে নতুন করে এক হাজার ৩১৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩২ হাজার ৮২৩ জন।





