অক্টোবরে সিলেটের সড়কে ঝরল ২৭ প্রাণ
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৬:৩২:০৩ অপরাহ্ন
অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। এ সময়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলায়।
বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণগত ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিকের প্রকাশিত তথ্য, অনুমিত ও অপ্রকাশিত দুর্ঘটনার তথ্য এবং নিসচা সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবর মাসে নিহত ২৭ জনের মধ্যে ৯টি দুর্ঘটনায় ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫টি দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটমের চালক ও আরোহী এবং ৬টি দুর্ঘটনায় ৬ জন চালক নিহত হয়েছেন। এ ছাড়া ৪টি দুর্ঘটনায় ৪ জন পথচারী প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১০ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছিলেন। বিজ্ঞপ্তি





