সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৭:০০:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮৭ পিস ভারতীয় শাড়ি, ৪২ পিস চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম এবং ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।
অন্যদিকে একই দিন রাতে লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। বিজিবির হিসাব অনুযায়ী, দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




