সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা নিয়ে এসএমপিতে সমন্বয় সভা
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৮:৩৭:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধপ্রবণতা চিহ্নিতকরণ এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এসএমপি, সিলেট রেঞ্জ, এসআরবি-৯ এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধের ধরন ও প্রবণতা চিহ্নিত করে তা প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও গতিশীল করা এবং বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের আদান-প্রদান বৃদ্ধি, গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে পৌঁছে দেওয়া এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব ইউনিটকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ও তৎপর ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা এবং সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় সিলেট বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






