শীত নামছে, বাড়ছে দূষণ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৫:২১:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঋতুচক্রের নিয়মে প্রকৃতিতে শীতের অনুভূতি বাড়ছে। অথচ শীতের এই চিরচেনা স্নিগ্ধ রূপ আজ মলিন ধুলো আর ধোঁয়ার আস্তরণে। কুয়াশার শুভ্রতা ভেদ করে দেশের বাতাসে এখন কেবলই দূষণের দীর্ঘশ্বাস। এতে কোটি কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিলো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৯টায় তালিকার পঞ্চম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৫৫।
সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া কম দূষণের নগরী হিসেবে স্বীকৃতি পাওয়া রাজশাহীর বায়ুর মান কিন্তু অস্বাস্থ্যকর। এ নগরীর বায়ুর মান ১৬৮। উত্তরের আরেক বিভাগীয় শহর রংপুরের বায়ুর মান ১৩৪। ময়মনসিংহে ১১২, সিলেটে ১১২, বরিশালে ৭৯, খুলনায় ৭৭ ও চট্টগ্রামে ৫৯।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আবহাওয়াবিদরা বলছেন, শুষ্ক মৌসুম হওয়ায় নির্মাণকাজ বেড়ে গেছে, ধুলা বেড়েছে। যানবাহন চলাচল বেড়েছে, ধোঁয়া বের হচ্ছে বেশি। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চ চাপবলয় বাংলাদেশের ওপরে সক্রিয় হয়ে উঠেছে। এর সঙ্গে আরব সাগর হয়ে মরুভূমি পেরিয়ে আসা ধুলা আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সব মিলে একদিকে শীত বাড়ছে, আরেক দিকে বায়ুমানও খারাপ হচ্ছে।
বাংলাদেশে বায়ুমান নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা (পিএম২.৫ ও পিএম১০), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, বায়ুদূষণ দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে ভৌগোলিক ও পরিবেশগত কারণ রয়েছে। জলাশয়ের ওপরের বাতাসে আর্দ্রতা ও জলীয় বাষ্প বেশি থাকায় ধূলিকণা ও ধোঁয়ার কণা সহজে ছড়িয়ে যেতে পারে না। এগুলো জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে ভারী হয়ে বাতাসে আটকে থাকে।
তিনি বলেন, শীতকালে তাপমাত্রার বিপরীতমুখী অবস্থার কারণেও দূষণ আটকে থাকার পরিস্থিতি তৈরি হয়। লেকপারের ঠান্ডা বাতাস নিচে এবং অপেক্ষাকৃত উষ্ণ বাতাস ওপরে অবস্থান করায় এক ধরনের আবরণ তৈরি হয়। এতে যানবাহনের ধোঁয়া ও ধুলাবালি ওপরের দিকে উঠে ছড়িয়ে যেতে না পেরে নিচের স্তরে জমা হয়।
এদিকে, বৃহস্পতিবার বিশ্বে বায়ুদূষণের তালিকায় ৩৫১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থানে ছিলো পাকিস্তানের লাহোর। যা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। ২৭৪ স্কোর নিয়ে লাহোরের পরই দূষণে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের স্কোর ১৭৪। চারে থাকা বেইজিংয়ের স্কোর ১৫৯। এই চারটি শহরের পরই দূষিত শহরের তালিকায় জায়গা পেয়েছে ঢাকা।
এরপর শীর্ষ দশটি দূষিত শহরের তালিকায় রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৩), চীনের চেংদু (১৪৯), উগান্ডার কাম্পালা (১৫২), নেদারল্যান্ডসের রটারডাম (১৪১) ও কলকাতা (১৩২)।
বিপরীতে যুক্তরাষ্ট্রের শিকাগো ও নিউজিল্যান্ডের অকল্যান্ড সমান ১১ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। এরপরই উগান্ডার কাম্পালা, যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস, থ্যাইল্যান্ডের চিয়াং মেই শহরগুলোর বাতাসের মান খুব ভালো অবস্থায় রয়েছে।
বায়ুদূষণ এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ুদূষণের প্রভাব সবচেয়ে বেশি। এতে কোটি কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। দূষিত পরিবেশ ও বায়ুদূষণে বিশ্বের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ঘরের ভেতর ও বাইরের বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বিশ্বে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু হয়। স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের সঙ্গে বায়ুদূষণের সরাসরি সম্পর্ক রয়েছে।




