এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:১৫:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পিওএম বিভাগ পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম । মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় তিনি এ বিভাগ পরিদর্শন করেন।
এসময় পিওএম বিভাগের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক সালামি প্রদান করে। পরে পুলিশ কমিশনার বিভাগের বিভিন্ন সরকারি রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যারাক, ডি-স্টোর, বিভিন্ন অফিস ও মেসের ভৌত অবকাঠামো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ব্যারাকের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, সরকারি মালামালের যথাযথ সংরক্ষণ ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব এবং কার্যক্রমের গতিশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) অলক বিশ্বাসসহ এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।





