হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:১৭:৫৫ অপরাহ্ন
অতিথির পরিচয় যাচাই ও
সিসিটিভি স্থাপনের নির্দেশনা

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারে নিরাপত্তা জোরদার এবং অপরাধ প্রতিরোধে মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় হোটেলে অবস্থানকারী অতিথিদের পরিচয় যাচাই, তথ্য সংরক্ষণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পার্কিং এলাকায় যানবাহন তল্লাশির ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এসএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অপরাধ প্রতিরোধ, অনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদারের আহ্বান জানানো হয়।
এসময় হোটেল-রিসোর্টে অবস্থানকারী অতিথিদের পরিচয় নিশ্চিত করা, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পার্কিং এলাকায় গাড়ির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করতে মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের আভাস পেলে দ্রুত পুলিশকে জানানোর নির্দেশনা দেওয়া হয়। উঠতি বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোনোধরনের আপত্তিকর কর্মকাণ্ডে প্রশ্রয় না দিতেও বলা হয়।
সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





