রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:৩০:৫৯ অপরাহ্ন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের আইনজীবী সমিতির ২ নম্বর হলের সামনে এ ক্যাম্প পরিচালিত হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ৭৩১ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
‘সচেতন হই, একসাথে সুস্থ থাকি, ডায়াবেটিস প্রতিরোধে এগিয়ে আসি’ প্রতিপাদ্যে আয়োজিত ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্লুকোজ পরীক্ষা, ডায়াবেটিসের ঝুঁকি মূল্যায়ন এবং খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও ওজন নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্যও সুপারিশ করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম খান (পিএইচএফ)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান নিশি কান্ত দাসের (আরএফএসএম) পরিচালনায় ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি হুমায়ূন ইসলাম কামাল (আরএফএসএম), রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান (পিএইচএফ), রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাশ (পিএইচএফ), রোটারিয়ান পিপি অ্যাডভোকেট শহীদুল ইসলাম (পিএইচএফ) ও রোটারিয়ান পিপি নজরুল ইসলাম (পিএইচএফ) প্রমুখ।
ক্যাম্পে বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। সময়মতো পরীক্ষা, সচেতনতা ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সচেতনতার অভাবে অনেকেই নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করান না। ফলে পরবর্তী সময়ে নানা শারীরিক জটিলতার সম্মুখীন হন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিজ্ঞপ্তি




