কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:৩৪:৪০ অপরাহ্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) ও ‘হৃদয় নিকেতন’ (কাব্য) গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে সাহিত্যিক সংগঠন ‘ভাস্কর’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ভাস্কর’ সম্পাদক কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি মুহিবুর রহমান কিরণ। আলোচক হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ।
ভাস্করের সম্পাদনা সহযোগী মো. নিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মজিবুর রহমান, কবি অমিতা বর্দ্বন, মো. শাহাব উদ্দিন, সুফিয়া বেগম, অসীম তালুকদার, জান্নাত আরা খান পান্না, রণবিজয় চক্রবর্তী অনিরুদ্ধ, কাজী নাসরিন নাহার, সাংবাদিক এমরান ফয়ছল, কবি বারীন্দ্র দাস, দৈনিক বিজনেস ফাইলের সিলেট ব্যুরোপ্রধান বিদ্যারত্ন রায়, মুজিবুর রহমান, আব্দুস সালাম, কবি মনজুর মোহাম্মদ ও অপূর্ব বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কবি আলাউদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি হাসান মোছাদ্দিকের প্রকাশিত গ্রন্থ দুটিতে বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে মানবিকতার নানা দিক সাবলীলভাবে ফুটে উঠেছে। তাঁর কবিতায় দাম্পত্য জীবন, পারস্পরিক সম্পর্ক, দায়িত্ববোধ, মান-অভিমান ও ভালোবাসার বিষয়গুলো গভীরভাবে উঠে এসেছে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে টিকে থাকার প্রেরণা হিসেবে ভালোবাসাকে তিনি কবিতার মাধ্যমে অনন্যভাবে তুলে ধরেছেন।
বক্তারা কবি হাসান মোছাদ্দিকের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাঁর নবপ্রকাশিত প্রবন্ধ ও কাব্যগ্রন্থ দুটি পাঠকমহলে সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি




