সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:২৯:৩৭ অপরাহ্ন

oplus_0
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত। তিনি বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ যেকোনো মূল্যে সংরক্ষণ করা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণের দাবি। শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত করার লক্ষ্যে একটি কুচক্রী মহলের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যাপক ড. সামিউল আহসান তালুকদার বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার নির্বাচিত করেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।
সমাবেশে বক্তারা বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি




