হবিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে পলাতক আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৮:৩৫:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাল্লা সীমান্তের টেকেরঘাট এলাকা থেকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অভিযানে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বাল্লা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীরপাড় দিয়ে কয়েকজনকে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করেন। এ সময় সুবল চন্দ্র সরকার (৪১) নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে যায়।
আটক সুবল চন্দ্র সরকার সিলেট সদর উপজেলার মেদেনী মহল গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। বিজিবি জানায়, নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি সিআর মামলা (নং ৭৩৩/২৫)সহ আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার এড়াতে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পালিয়ে যাওয়া তিনজন হলেন- চুনারুঘাট উপজেলার টেকেরঘাটের জমরুত মিয়া (৪৬) ও মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের পরিমল সরকার (৩৬)।
এঘটনায় বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ও পলাতক চারজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেফতারে অভিযান চলছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে দিন-রাত টহলের পাশাপাশি একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তিনি সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।





