নগরে নিষিদ্ধ ছাত্রলীগ-শ্রমিক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৮:৪৭:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও শ্রমিক লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর জিন্দাবাজার, রিকাবীবাজার ও কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লিমন আহমেদ (২৫), রাকিব (২১), জীবন মিয়া (২৩), মোঃ নাঈম আহমদ (২৫) ও শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২)।
পুলিশ জানায়, বুধবার রাত ৩টা ১০ মিনিটে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে এয়ারপোর্ট থানাধিন কালাগুল সাহেব বাজার এলাকার রফিক আহমদের পুত্র লিমন আহমেদ (২৫), এয়ারপোর্ট থানার নয়াবাজার বড়শালা এলাকার মৃত রফিক মিয়ার পুত্র রাকিব উরপে ডিজে রাকিব (২১) ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার ইসলামপুর গ্রামের আব্দুল মোতালিবের পুত্র জীবন মিয়া (২৫) গ্রেফতার করা হয়। গত ২০ সেপ্টেম্বর মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তারা গোপন বৈঠক, সদস্য সংগ্রহ ও সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি। লিমনের বিরুদ্ধে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে এবং জীবনের বিরুদ্ধে পেনাল কোডে মামলা রয়েছে।
এদিকে, বুধবার বিকেলে জিন্দাবাজার থেকে শাহপরান থানাধিন বাহুবল এলাকার আসক আলীর পুত্র নাঈম আহমদ (২৫) এবং বৃহস্পতিবার সকালে নগরীর কাজলশাহ এলাকা থেকে মৃত একরাম উল্লাহের পুত্র শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনুকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ফেনুর বিরুদ্ধে সংগঠনের কর্মীদের অর্থের জোগান দেওয়া এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, গ্রেফতারকৃত পাঁচজনই সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক মামলার সন্দিগ্ধ আসামি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।





