গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:১৭:০৭ অপরাহ্ন

গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এ’ ক্যাটাগরির পৌরসভা হলেও গোলাপগঞ্জের অবস্থা অত্যন্ত করুণ। রাস্তাঘাটের বেহাল দশা। অনেক সড়কে একসঙ্গে দুটি গাড়ি চলাচলেরও সুযোগ নেই। তাই পরিকল্পিতভাবে পৌরসভার উন্নয়ন করতে হবে।
বৃহস্পতিবার দিনব্যাপী গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক, আরসিসি ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ পৌরসভার জন্য প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। প্রকল্পগুলো প্রস্তুত করে যাচাই কমিটিতে পাঠানো হয়েছে। একনেকে অনুমোদনের পর বরাদ্দ পাওয়া যাবে। এই অর্থ পাওয়া গেলে পৌরসভার উন্নয়নকাজে আর অর্থের অভাব হবে না। তবে প্রকল্পগুলো যেন পরিকল্পিত ও যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, রাস্তা প্রশস্তকরণের প্রয়োজনে কারও দেয়াল ভেঙে দেওয়ার প্রয়োজন হলে জনস্বার্থে সবাইকে সহযোগিতা করতে হবে।
উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে পৌরসভার পেছনে আরসিসি ড্রেন নির্মাণ, বিভিন্ন এলাকায় আরসিসি রাস্তা ও কালভার্ট নির্মাণ, ড্রেন নির্মাণ এবং ঈদগাহের সামনে ওয়াকওয়ে তৈরি।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছবেদ আলী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, এম সিরাজুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সহসম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ও যুগ্ম সম্পাদক শাহানুর আহমদ।
এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





