সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪৬:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন প্রতাপপুর, বিছনাকান্দি, শ্রীপুর, উৎমা, ডিবিরহাওর, সোনারহাট, পান্থুমাই, তামাবিল, মিনাটিলা ও সংগ্রাম বিওপি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় কম্বল, জিরা, গরু, ওষুধ, মহিষ, টমেটো, এসএস টোব্যাকো, চকলেট, আলু, বাসমতি চাল, জুস, সনপাপড়ি, কসমেটিকস, পান মসলা ও মিঠাই পান জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও সোয়েটার জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯৬ হাজার ৩৮৫ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





