হাউজিং এস্টেটে সিউকের বৃক্ষরোপণ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:২৬:৪২ অপরাহ্ন

সিলেট নগর ও আশপাশের এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরের হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ, আব্দুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, ডা. মুজীবুর রহমান, আশরাফ গাজী, আ. সামাদ চৌধুরী তনু, রুহুল কুদ্দুস চৌধুরী মাসুম, আবিদ আহমদ রফি, আদনান আহমদ ও নাইমুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





