কোম্পানীগঞ্জে বিপুল জাল টাকার নোটসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:৩৬:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোক্তার হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বরম সিদ্দিকপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসিএসসির একটি দল ২টা ২৫ মিনিটে উপজেলার বরম সিদ্দিকপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এসময় দুজন পালানোর চেষ্টা করলে মোক্তার হোসেনকে আটক করা হয়। অপর ব্যক্তি পালিয়ে যান। পরে আটককৃতের দেখানো মতে, বাড়ির একটি খাটের তোশকের নিচে কালো ব্যাগে রাখা জাল নোটগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটের মধ্যে ১ হাজার টাকা মূল্যমানের ৯৪টি এবং ৫০০ টাকা মূল্যমানের ৯৫টি নোট রয়েছে। মোট ১৮৯টি নোটের মূল্য ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
এসআরবি-৯ জানায়, জব্দ করা দুটি স্মার্টফোন পরীক্ষা করে অনলাইন জুয়ায় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জাল নোটের লেনদেন এবং অনলাইন জুয়ায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আটককৃতকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





