সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:৪১:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ১৯ হাজার টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট ও তামাবিল বিওপির আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা কসমেটিকস, মহিষ, ফুচকা, টমেটো, গাড়ির টায়ার, গরু, ফল ও কম্বল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও সোয়েটার আটক করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





