জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৮:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে অভিযান চালিয়ে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে তাকে আটক করা হয়। এসময় ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভিক্টিমকে উদ্ধার করা হয়।
আটককৃতের নাম রুবেল দাস (২৭)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। উদ্ধার হওয়া মো. লাল্টু হোসেন (৪১) সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার পাঁচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।
বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার বিকেলে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সংগ্রাম বিওপির একটি টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা অভিযান পরিচালনকালে সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরা করতে দেখে দুজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।





