নবীগঞ্জে এসআরএসপি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৪২:৫১ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) বাস্তবায়িত আগাম পদক্ষেপ (এএ) ও দুর্যোগ-সংবেদনশীল সামাজিক সুরক্ষা (এসআরএসপি) প্রকল্পের কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া প্রকল্পের আওতাধীন আউশকান্দি, ইনাতগঞ্জ, দীঘলবাক ও বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিনিধিরা অংশ নেন।
এফআইভিডিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিআরআর ফোকাল দেলোয়ার হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর শাহ মো. জাহাঙ্গীর আলম, মিল অফিসার ইয়াছমিন খানম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর শামীম মিয়া ও মিন্টু রঞ্জন আচার্য।
মিল অফিসার ইয়াছমিন খানমের সঞ্চালনায় সভার শুরুতে এএ ও এসআরএসপি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, প্রধান কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। এ সময় দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার, পরিবারভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা, ঝুঁকি হ্রাস, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রকল্পের ভূমিকা তুলে ধরা হয়।
পরে এফআইভিডিবির ডিআরআর ফোকাল দেলোয়ার হোসেন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া এবং মাঠপর্যায়ে অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পর্যায়ের অংশীজনদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে এফআইভিডিবি ও ডব্লিউএফপির উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে প্রশাসনকে নিয়মিত অবহিত করার পরামর্শ দেন তিনি। বিজ্ঞপ্তি




