সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:৫৬:৫৫ অপরাহ্ন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজের নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ। শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কলেজের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে কলেজের এস এম ফয়সল ভবনের দ্বিতীয় তলায় নিজস্ব অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন সৈয়দ শাফকাত আহমেদ। এ সময় কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, বর্তমান যুগে শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। নতুন কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে কম্পিউটার শিক্ষা গ্রহণের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনেও এ দক্ষতা তাদের সহায়ক হবে। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন ও কলেজের অধ্যাপিকা নাসরিন জাহান।
সৈয়দ শাফকাত আহমেদ বলেন, এই কলেজকে দেশের মধ্যে সেরা মানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। তবে এখানে যাতে ভালো পড়ালেখা হয়, সেদিকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সহযোগিতা থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।




