গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:৫৪:১২ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা পুনর্নির্মাণে জরুরি সহায়তা প্রকল্পের আওতায় পানি শোধনাগারের টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এবং এডিপি লোনের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণে জাফলং বাজার মাদ্রাসায় স্থাপিত মিনি পানি শোধনাগারের সঠিক ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং এডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস্তবায়িত স্থাপনার সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ওয়াটসন কমিটির প্রতিনিধি, জমির মালিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডেপকল ও এডিপির পরামর্শকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে পানি শোধনাগারটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট ‘পানিদল’ গঠন করা হয়।




