ভারতীয়দের ‘বাংলাদেশি’ বলে পুশ-ইন দিল্লির ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৯:৫২:৩৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামে পশ্চিমবঙ্গের বাঙালি নিধনে নেমেছে দিল্লি সরকার-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর, ভারতীয় বাঙালিদের বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে, এমন অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। তার দাবি, ভারতীয় হওয়া সত্ত্বেও দিল্লিতে কর্মরত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। সেই মর্মে গত বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বীরভূমবাসী ওই শ্রমিকদের পরিবার। এ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্ট।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (অমিত শাহর দপ্তর) কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে আদালতের নির্দেশ, ওই পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থান কী, তাও বিস্তারিত জানাতে হবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেওয়া হয়েছে, দিল্লির মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। এমনকি রাজ্য সরকারের তরফ থেকেও সমগ্র বিষয়টি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামী ১৬ জুলাই কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। শুনানি হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে।





