কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৮:১০:১৯ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ: (অব:) সাজ্জাদুর রহমান (৮২) বার্ধক্যজনিত কারনে গত ২১ জুলাই সোমবার রাত সোয়া ৮টায় সিলেট মাউন্ট এডারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বেলা ২ টায় শমশেরনগর শিংরাউলী ইলেভেন স্টার মাঠে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবিরের উপস্থিতিতে পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। এরপর জানাযার নামাজ শেষে শিংরাউলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাজ্জাদুর রহমানের মৃত্যুতে বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রিয় বিএনপি নেতা এড. আবেদ রাজা, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক অলি আহমদ খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন আহমদ মধু, জেলা বিএনপি সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।






