যুক্তরাজ্যে ইমামদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৮:১১:৪৩ অপরাহ্ন
সংবাদদাতা:
যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দুই টিমে ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন। ‘মিনারেট কাপ’-শিরোনামে আয়োজিত টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিলো গাজার নিপীড়িত মানুষের জন্য ফান্ডরেইজ করা। জানা গেছে, ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ১৬ হাজার পাউণ্ডের বেশি ফান্ডরেইজ করা হয়েছে।
ডেগেনহ্যামের ক্যাসেল গ্রীন ফুটবল মাঠে রোববার সকাল ১১টায় টুর্নামেন্ট শুরু হয়। গাজা ইউনাইটেড ও অলিভ ব্রাঞ্চ নামে দুটো দলের মধ্যে ৯০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫-২ গোলে গাজা ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী টিমের হতে পুরস্কার তুলে দেন ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক।





