রোজা ঘিরে পণ্যের দাম ১০ থেকে ৩০ শতাংশ বেড়েছে
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রমজান আসার আগে থেকেই এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে ইফতার ও সেহরি পণ্য, যেমন পেঁয়াজ, সব ধরনের মুরগি, মাংস ও দেশি মাছের দাম অনেক বেড়ে গেছে। গড়ে এসব পণ্যের দাম ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজারভেদে দামের ভিন্নতা রয়েছে।
কালীঘাটের পাইকারি পেঁয়াজ বিক্রেতা শেখআব্দুর রকিব জানান, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। তার মতে, পাইকারি বাজারে দেশি পেঁয়াজ এখন কেজি প্রতি ৫৩ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে, এক সপ্তাহ আগে যা ছিল ৪২ থেকে ৪৬ টাকা। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। কাঁচাবাজারে মুরগির চাহিদাও বেড়েছে, ফলে দামও বেড়েছে।
নগরীর দাড়িয়াপাড়ার বাসিন্দা আবুল কালাম সোনালি মুরগি কিনেছেন কেজি প্রতি ৩৪০ টাকায়, গত সপ্তাহে যা তিনি কিনেছিলেন ৩০০ টাকায়। ব্রয়লার মুরগি এক সপ্তাহ আগে ১৮০ টাকা কেজিতে কিনেছিলেন, গতকাল কিনতে হয়েছে ২০০ টাকা কেজিতে।
লালবাজারের মুরগি বিক্রেতা রইস উদ্দিন জানান, প্রতি বছর রমজানে মুরগির চাহিদা বাড়ে এবং সে অনুযায়ী দামও বাড়ে। তিনি বলেন, এ বছরও এর ব্যতিক্রম নয়। আমরা বেশি দামে বিক্রি করছি, কারণ আমাদেরও বেশি দামে কিনতে হয়েছে। কাঁচাবাজারগুলোতে সব ধরনের মাংসের দামও বেড়েছে। বন্দর বাজারের খাসির মাংসের ব্যবসায়ী মোহাম্মদ জালাল জানান, খাসির মাংস এখন কেজি প্রতি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, এক সপ্তাহ আগে যা ছিল ১ হাজার ২৫০ টাকা। উচ্চ চাহিদার কারণেই দাম বেড়েছে বলে দাবি করেন তিনি।
গরুর মাংসের দামও কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। নগরীর শিবগঞ্জের মাংস বিক্রেতা হেলন মিয়া বলেন, চাহিদা বেশি থাকায় দুই সপ্তাহের ব্যবধানে প্রতিটি গরুর দাম ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়েছে, ফলে গরুর মাংসের দামও বেড়েছে। তিনি আগে ৭৫০ টাকা কেজিতে গুরুর মাংস বিক্রি করলেও এখন বিক্রি করছেন ৮০০ টাকা দরে।
এদিকে লেবু, কাঁচামরিচ, টমেটো, শসা ও ধনেপাতার মতো ইফতারসামগ্রীর দামও বেড়েছে। এক হালি লেবু এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৬০ থেকে ১০০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ থেকে ২৪০ টাকায়, আগে যা ছিল ১৪০ থেকে ১৮০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৮০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৩০ থেকে ৬০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজিতে, এক সপ্তাহ আগে যা ছিল ৬০ থেকে ৮০ টাকা। শসা ও ধনেপাতার দামও কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।





