সাগরদিঘীরপাড়ে দম্পতিকে উত্যক্ত ও ছিনতাইচেষ্টা : আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৯:৪৮:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে আবারও উত্যক্ত ও ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে| এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ| বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওয়াকওয়েতে বসে থাকা এক দম্পতিকে ঘিরে ধরে একদল যুবক| পরে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়|
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান, অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর ওই সময় ওয়াকওয়েতে বসে কথা বলছিলেন| এসময় কয়েকজন যুবক এসে তাদের ¯^ামী-স্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলে এবং বিভিন্নভাবে হয়রানি শুরু করে| একপর্যায়ে তারা ভয়ভীতি দেখিয়ে দম্পতির কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে| তবে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়| এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়|
আটকরা হলেন—সাদিকুল হক সাদিক (২০), অর্পন বিশ্বাস (২১) ও রিফাত (২২)| তারা নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন|
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে|
এর আগেও একই ওয়াকওয়েতে ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে উত্যক্ত ও চাঁদা দাবির ঘটনায় একজনকে আটক করেছিল পুলিশ|





