আবারও বদলাচ্ছে পুলিশের পোশাক
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৮:৫৪:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মাঠপর্যায়ে ব্যাপক অসন্তোষ ও সমালোচনার মুখে আবারও পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাকের রঙ ও নকশা। ব্যবহারিক অসুবিধার পাশাপাশি বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতিফলন না থাকায় ‘লৌহবর্ণ’ (আইরন গ্রে) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে ধাপে ধাপে নতুন ইউনিফর্ম কার্যকর করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে মহানগর পুলিশ ও জেলা পুলিশের পোশাকে ভিন্নতা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত নতুন নীতিমালায় পুলিশের শার্টের রঙে বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। এতে মহানগর (মেট্রোপলিটন) পুলিশের জন্য হালকা অলিভ বা জলপাই এবং জেলা ও অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে। তবে সব ক্ষেত্রেই প্যান্টের রঙ ‘টিসি টুইল খাকি’ রাখার সুপারিশ করা হয়েছে।
ব্যয়ভার ও বাস্তবায়ন নিয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, পোশাকের এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো বড় আর্থিক ব্যয়ের শঙ্কা নেই। নিয়মিত সরবরাহ ব্যবস্থার মাধ্যমেই ধাপে ধাপে পুরোনো ইউনিফর্ম প্রতিস্থাপন করা হবে। মজুদ থাকা কাপড় শেষ হওয়ার পর প্রাপ্যতা অনুযায়ী নতুন রঙের ইউনিফর্ম বিতরণ করা হবে।
বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ২০২৫ সালের নভেম্বর থেকে ধাপে ধাপে ‘লৌহবর্ণ’ বা আইরন গ্রে ইউনিফর্ম চালু করা হয়েছিল। তবে প্রবর্তনের পর থেকেই এটি নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকের অভিযোগ ছিল, এই পরিবর্তনের সময় তাদের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো হয়নি। এছাড়া রঙের কারণে অন্য বাহিনীর সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি এবং দীর্ঘদিনের প্রচলিত খাকি পোশাকের ঐতিহ্য ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।





