নগরে পুলিশের অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৬৫
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৯:৩৯:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি| গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬৫ জনকে আটক করেছে পুলিশ| এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ৩৬ জন| একই সময়ে ট্রাফিক পুলিশ ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে|
এসএমপি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়|
এর মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়| এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৭ বোতল বিদেশি মদ ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে| মেট্রো অধ্যাদেশ মোতাবেক আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়| এসময় ১৬ বস্তায় প্রায় ৮০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে|
এদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৫টি যানবাহন জব্দ করে|
এছাড়া সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ মোট ২৯ জনকে গ্রেফতার করেছে|
এর মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদকসেবী (১০ পিস ইয়াবাসহ), কোতোয়ালী মডেল থানা পুলিশ ১ জন চোর, ৯ জন সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে ১১ জনকে গ্রেফতার করে|
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে| গত ১৫ দিনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে| নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে|





