বাড়ছে নদীর পানি : সুনামগঞ্জে দ্রুত ধান কাটার পরামর্শ
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৯:৪৩:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে চলছে বোরো ধান কাটা| তবে হাওরের ধান দ্রুত কেটে ঘরে তুলতে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বিজ্ঞপ্তি দিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন র্বোড|
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়নের বোর্ডের তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বৌলাইসহ সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে| আগামী কয়েকদিন এই জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে| এছাড়াও হাওরের অভ্যন্তরে বৃষ্টিপাতের ফলে অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে| ফলে হাওরের বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে ৮০ শতাংশ ধান পাকার সঙ্গে সঙ্গে কেটে ঘরে তুলার অনুরোধ করা হয়েছে|
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলার নদ নদীর পানি বাড়তে শুরু করেছে| উজানের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে সুরমাসহ সব নদীর পানি দ্রুত বাড়বে|
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওমর ফারুখ বলেন, চলতি বছর এই জেলায় ২ লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে| ইতোমধ্যে ২৮ হাজার হেক্টর ধান কৃষকরা ঘরে তুলছেন| বাকি ধান ঘরে তুলতে আরও সময় লাগবে|





