সিলেটের অপহৃত স্কুল ছাত্রী গাজীপুরে উদ্ধার : আটক ১
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৯:৫১:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ| তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃত যুবকের নাম মাহদী হাসান মুন্না (২০)| সে সিলেটের মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুর গ্রামের মৃত শাহীন আহমদ মোসাহিদের ছেলে|
এসএমপি সূত্র জানিয়েছে, গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোগলাবাজার থানাধীন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী (১৫) নিজ বাসা হতে বের হয়ে নিখোঁজ হয়| এ ঘটনায় ভিকটিমের পরিবার মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন|
এর ভিত্তিতে পুলিশ অভিযানে নামে| তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী যুবককে গ্রেফতার করে পুলিশ| পরিবারের অভিযোগ আটক যুবক প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণীর ঐ ছাত্রীকে (১৫) অপহরণ করে|
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে|





