প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৯:৫৭:২২ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র

বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে| তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান করা গেলে এক্ষেত্রে সফল হওয়া যাবে| যুক্তরাজ্যের করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান আছকিরকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন|
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার ও হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহ্বাব মোস্তফা খান ও বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি জিল্লুর রহমান জিলু|
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও শফিক আহমদ শফি প্রমুখ|
মতবিনিময় সভায় মুজিবুর রহমান আছকির বলেন, বিলেতের পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন| রাজনীতির পাশাপাশি ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে| কিন্তু বাংলাদেশ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রচারণা ও নিরাপত্তাজনিত কারণে পরবর্তী প্রজন্ম দেশবিমুখ হয়ে পড়ছে| এজন্য প্রয়োজনীয় উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন| এক্ষেত্রে সাংবাদিকদের ওয়াচডগের ভূমিকা পালনের আহ্বান জানান| বালাগঞ্জে দুই কোটি টাকা ব্যয়ে আত-তাক্বওয়া মেটারনিটি ক্লিনিক হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিলেটে আমরা আগামীতে আরো অনেক কাজ করতে চাই| এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন|
সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে| দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা কমাতে তরুণ প্রজন্মের ৫০ জন প্রতিনিধিকে দেশে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে| আগামী এক মাসের মধ্যে সিলেট প্রেসক্লাবে এনআরবি হেল্পডেস্ক চালু হবে| সবাই মিলে কাজ করলে এক্ষেত্রে সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন| বিজ্ঞপ্তি





