২ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৭:৩৪:৫০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুর সেতুতে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। বুধবার সংশ্লিষ্ট কার্যালয় থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে সওজ এর সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম জানান, কুশিয়ারা নদীর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য আগামী ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকাল ৮ টা হতে ২৬ এপ্রিল ২০২৬ (রোববার) সকাল ৮টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কাজ শুরু হবে।
সেতু মেরামতকালে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ অপরিহার্য বিধায় উক্ত সেতুর উপর ২৪ এপ্রিল সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে, ২৪ এপ্রিল রাত ১১ টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯ টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৫ এপ্রিল সকাল ৯ টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮ টা পর্যন্ত আবারও একলেনে যান চলাচল করবে।
যান চলাচল বন্ধ থাকাকালীন সময়ে আবশ্যিক ভাবে এবং একলেনে যান চলাকালীন সময়ে যানজট এড়ানোর জন্য ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট: শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট, ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট: শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট ও ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট: সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুটে চলাচল করতে অনুরোধ করা হয়।





