কোম্পানীগঞ্জ রোডে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ১০:০৮:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধিন কোম্পানীগঞ্জ রোড থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিলেট-কম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ আমিনুর রশিদ জুবের (২০)। তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার লামাশ্যামপুর এলাকার আফতাব উদ্দিনের পুত্র।
এসএমপি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন-১২-৮০০০ নম্বরের একটি পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৪,০০৪ পিস সিওপ-জি ক্রিম, ২,২০০ পিস বেটনোভেট-এন ক্রিম, ২,৬৮৮ পিস মিল্ক রাইস জনসন’স বেবী ক্রিম। এসবের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।




