নগরে পুলিশের ৩২ ঘন্টার অভিযানে আটক ৬৪
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ১০:১২:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অপরাধ কর্মকান্ড দমনে সিলেট নগরীতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ৩৭ জন। এইসময়ে ট্রাফিক পুলিশ ১৫৫ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে নিয়মিত মামলার ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন ও মেট্রো অধ্যাদেশ আইনে আটক হয়েছেন ২৬ জন।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৮৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭২টি যানবাহন জব্দ করা হয়।
এছাড়া রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ২৭ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে নিয়মিত মামলার আসামী ২ জন, ওয়ারেন্টভুক্ত ১, মাদকসেবী ১৬ জন, ২ জন ছিনতাইকারী, সন্দেহভাজন ৩ জন, মেট্রো অধ্যাদেশ আইনে ১ জন ও ২ জন হকার রয়েছেন। এসময় ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ড এর ৮৮৯২ পিস কসমেট্রিক্স সামগ্রী জব্দ করা হয়।
সোমবার এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত রয়েছে।




