বিদেশি বিনিয়োগ ও পর্যটন বাড়াতে আসছে নতুন ভিসানীতি
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৬, ৮:২৮:১৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন সম্প্রসারণে দেশে নতুন ভিসানীতি আসছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কমিটি কাজ করছে। শিগগির এই নতুন ভিসানীতি প্রণয়ন করা হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, নতুন নীতির লক্ষ্য বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়া সহজ করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, পর্যটন খাতের সম্প্রসারণ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা বজায় রেখে একটি আধুনিক অভিবাসনব্যবস্থা গড়ে তোলা। নতুন ভিসানীতির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী, পর্যটক ও দক্ষ জনশক্তির বাংলাদেশে আসা সহজ হবে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান ভিসানীতিকে সময়োপযোগী করতে কাজ চলছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে এবং ব্যবসাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে। বাংলাদেশকে আরও উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক অর্থনীতিতে পরিণত করতে আধুনিক ভিসানীতি প্রয়োজন। এতে বিনিয়োগ ও বাণিজ্য সহজ হবে।
সরকারি সূত্রে জানা গেছে, এর আগে গত ২ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০০৬ সালের ভিসানীতি সংশোধনের খসড়া উপস্থাপন করা হয়। পরে নীতিমালাটি চূড়ান্ত করার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। কমিটিকে কারিগরি ও প্রশাসনিক সহায়তা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।






