মাউন্ট এডোরা হসপিটালে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৯:১৩:২৩ অপরাহ্ন

সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতালের সপ্তম তলার সভাকক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেটের আয়োজনে এবং মাউন্ট এডোরা হসপিটালের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের ফার্মেসিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন মাউন্ট এডোরা হসপিটালের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, চিকিৎসাসেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভোক্তাদের অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। তিনি আইন মেনে সেবার স্বচ্ছতা নিশ্চিত করা, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধসহ সব ধরনের পণ্যের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা ভোক্তা-অধিকার আইন ও তাদের দায়িত্ব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা সেসব প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন। বিজ্ঞপ্তি






