সরকার অবহেলিত মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে : এমপি এমরান
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬, ১০:০৪:০৩ অপরাহ্ন

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি পথশিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নেও সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানার অনুদানের চেক, স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক, সুবর্ণ নাগরিক কার্ড এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি এমরান আহমদ চৌধুরী ঘোষণা দেন, শিগগিরই গোলাপগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বহরগ্রাম মাদ্রাসার শিক্ষক উবায়দুল্লাহ জামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম, জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরীয়া ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এবং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী মঞ্জুর আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, জেলা যুবদলের মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনুর আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদসহ অনেকে।
এ সময় ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা রজব আলী ও আবুল হাসনাত এতিমখানার পক্ষ থেকে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি






