বিয়ানীবাজারে এমপি এমরানকে নাগরিক সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৮:১৪:৪২ অপরাহ্ন

বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমানের শিশু-কিশোররাই ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি| তাই পড়ালেখার পাশাপাশি তাদের নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দিতে হবে|
রোববার বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করাই বড় চ্যালেঞ্জ| এ জন্য শিক্ষক ও অভিভাবকদের পড়ালেখার পাশাপাশি শিশু-কিশোরদের প্রতি আরও বেশি নজর দিতে হবে| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হেকিম| শিক্ষক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন|
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনাম উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন| অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানজিম রহমান পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন|
পরে বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়| এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী| বিজ্ঞপ্তি






