বৃষ্টির সঙ্গে ধেয়ে আসছে ডেঙ্গু
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৮:২৩:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চলছে শ্রাবণ মাস। এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে সেটাই স্বাভাবিক। গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টির সঙ্গে মশা বাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। বড়ো শহর ছেড়ে ডেঙ্গু এখন জেলা শহরেও দাপিয়ে বেড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু আক্রান্তের এই উচ্চহার চলবে সেপ্টেম্বর পর্যন্ত। জুন মাসের তুলনায় জুলাই মাসে দ্বিগুণের বেশি আক্রান্ত হতে পারে। গত ১৯ দিনেই জুনের তুলনায় ৩৪ শতাংশ বেশি আক্রান্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী জুন মাসে আক্রান্ত ছিল ২ হাজার ৯০৭ জন। সেটা জুলাইয়ের ১৯ দিনে বেড়ে হয়েছে ৪ হাজার ৩৮১ জন। অর্থাৎ মাস না পেরুতেই আক্রান্ত ৩৪ শতাংশ বেশি। বিশেষজ্ঞদের মতে এই উচ্চহার চলবে পুরো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত। কাজেই হাসপাতাল, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকরী উদ্যোগ নেওয়া অতি জরুরি হয়ে গেছে বলে মনে করেন তারা। এখন থেকেই জোরালো পদক্ষেপ না নিলে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু।
কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত মাসের চাইতে এই মাসে বেশি হবে। আগস্ট-সেপ্টেম্বর উচ্চ ঝুঁকি রয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের জেলা শহরগুলোতে উচ্চ ঝুঁকি রয়েছে।
ডেঙ্গুর এই উচ্চ ঝুঁকি রোধে তিনি বলেন, এখন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর প্রতিটি বাড়ি এবং ভবনের আঙিনায় বাড়তি নজর দিতে হবে যেনো কোনভাবেই এডিসের লার্ভা না থাকে। সিটি করপোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লার্ভিসাইড প্রয়োগ করে বিডিং প্লেস ম্যানেজমেন্ট এবং লার্ভা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আক্রান্তদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ করে জেলা, উপজেলা পর্যায়ে একজন ডাক্তার এবং নার্সকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে প্রস্তুত রাখতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু ফগার মেশিনে ধোঁয়া ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত লার্ভা জরিপ, নির্মাণাধীন ভবন তদারকি এবং নাগরিক সচেতনতা বাড়ানোই সবচেয়ে কার্যকর উপায়। একই সঙ্গে আক্রান্ত রোগী দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করাও জরুরি।
এদিকে আবহাওয়াবিদরা আগামী কয়েক সপ্তাহে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ সময় কার্যকর মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার না করা গেলে দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইতোমধ্যে সরকার ও স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু মোকাবিলায় এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি বাসা, ভবন ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি সপ্তাহে অন্তত একবার অপসারণ করা, নির্মাণাধীন ভবনে নিয়মিত তদারকি নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম আরও বিজ্ঞানভিত্তিক ও জবাবদিহিমূলক করা। অন্যথায় বর্ষার বাকি সময় রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





