যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৮:৩১:০৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম| চার বছরেরও কম সময়ে চতুর্থ এবং এক দশকের মধ্যে ষষ্ঠ ব্যক্তি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তিনি|
দেশটির ˆদনিক দ্য গার্ডিয়ান বলছে, গত শুক্রবার লেবার পার্টির নেতা হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন বার্নহ্যাম| এরপর আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি| এ সময় সরকার গঠনের জন্য বার্নহ্যামকে আমন্ত্রণ জানান রাজা চার্লস| তার কিছুক্ষণ আগে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন স্টারমার|
রাজার কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়র সরাসরি ডাউনিং স্ট্রিটে যান| সেখানে মন্ত্রিসভা ঘোষণার আগে উপস্থিত গণমাধ্যমের সামনে বক্তব্য দেন তিনি| রাজনৈতিক একাধিক ভুল পদক্ষেপ এবং ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অনেক লেবার এমপি ও কয়েকজন মন্ত্রীর সমর্থন হারিয়েছিলেন| ব্রিটেনের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে তাকে সরানোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সহযোগীদের আয়োজিত উপ-নির্বাচনের মাধ্যমে সংসদে ফেরেন বার্নহ্যাম| দল থেকে অন্য কেউ নেতা হওয়ার প্রতিযোগিতায় না নামায় বিনা-প্রতিদ্বন্দ্বিতা এবং সীমিত পর্যালোচনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বার্নহ্যাম|
২০২২ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল| তবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই লিজ ট্রাসের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছিলেন সুনাক| এমনকি ট্রাসের সর্বশেষ মন্ত্রিসভায় কাজের অভিজ্ঞতাও ছিল তার| বার্নহ্যাম এর আগেও দেশটির এমপি এবং ক্যাবিনেট মন্ত্রী ছিলেন| তবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য ২০১৭ সালে সংসদ ছেড়েছিলেন তিনি|





