বালাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ৯:১৬:২৯ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, দলিলপত্র ছাড়াই কিছু ব্যক্তিকে ‘জমিদাতা সদস্য’ হিসেবে অন্তর্ভুক্ত করে বিধিবহির্ভূতভাবে কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের একটি অংশ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের যোগসাজশে প্রকৃত ভূমিদাতাদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দাইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে প্রকৃত ভূমিদাতাদের পরিবর্তে অন্যদের ‘জমিদাতা সদস্য’ করা হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি দান না করেও যদি কেউ দাতা সদস্য হন, তাহলে প্রকৃত ভূমিদাতাদের অবমূল্যায়ন করা হয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব কমিটির অনুমোদন স্থগিত রেখে বিধি অনুযায়ী নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া বলেন, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এলাকার মানুষের অনুরোধে ইশা আনছারীকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি। এটি আমার করা উচিত হয়নি।
চান্দাইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ দাবি করেন, প্রকৃত ভূমিদাতাকেই সদস্য করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।
পশ্চিম গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেখা বেগম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশনায় কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, লিখিত অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





