গোয়াইনঘাটে ভারতীয় জিরাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৬, ৯:০২:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার লেঙ্গুড়া গ্রামের রশিদ আহমদের ছেলে মো. অলিউর রহমান (২৮) ও তার ছোট ভাই সাকিল আহমেদ (২৫)।
পুলিশ জানায়, সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় পণ্য আসার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মো. ফায়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিতারাই খেয়াঘাটে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, উদ্ধার করা জিরা অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।






