ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৬, ৮:০৮:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তির আবেদন নেওয়া শুরু হবে আগামী ১১ নভেম্বর। আগের কয়েক বছরের মত এবারও অনলাইনে আবেদন নেওয়া হবে, যা জমার কার্যক্রম শেষ হবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আর বিভিন্ন ইউনিটের পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির সভায় নতুন শিক্ষাবর্ষে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’।
পাঁচটি ইউনিটের মধ্যে চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে-রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইবিএ ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিট এর পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর-শনিবার, বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর-শনিবার, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর-শনিবার, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর-মঙ্গলবার ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর-শনিবার অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস ২৮ মার্চ ২০২৭ তারিখে শুরুর সিদ্ধান্তও গৃহীত হয়।






