বড়লেখায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৬, ৮:২৯:২৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার বড়লেখা ও জুড়ী উপজেলার পাহাড় ও সমতলে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরাম ও কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের বড়লেখা শাখা যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় আদিবাসী ফোরামের প্রতিনিধিরা সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, বিভিন্ন পুঞ্জির বিদ্যমান ভূমি সমস্যার সমাধান, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাজেট বরাদ্দসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নারায়ণ কুর্মীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সাবেক সহসভাপতি রিপন কুর্মী ও বড়লেখা আদিবাসী যুব ফোরামের আহ্বায়ক জসিন্তা সুমের যৌথ সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি আদিবাসীদের বিভিন্ন দাবির প্রতি সংহতি প্রকাশ করে কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল কাইয়ুম, এমপি পত্নী ফৌজিয়া আহমদ, এমপি কন্যা ফাতেমা বিনতে আহমদ সানজিদা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনসহ অনেকে।
এছাড়া আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি তামলিমন বারেঃ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য ফাদার যোসেফ গোমেজ এবং আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজ বড়লেখা শাখার সাধারণ সম্পাদক এলিয়াস বারেঃসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





