সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬, ৯:৩৯:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম পরিস্থিতির ভয়াবহতা দিন দিন বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৪২ জন।
শুক্রবার (১৪ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই শিশু। তাদের একজন সিলেটের দুই বছর নয় মাস বয়সী আরাফাত ইয়াছিন। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপরজন সুনামগঞ্জের পাঁচ মাস ১৯ দিনের শিশু মো. সাইখান। সুনামগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। এর মধ্যে সিলেটে ৩০৫, হবিগঞ্জে ১৩০, মৌলভীবাজারে ১৩৩ এবং সুনামগঞ্জে ৩৭৩ জন।
অর্থাৎ নিশ্চিত হাম শনাক্তের দিক থেকে সুনামগঞ্জ শীর্ষে রয়েছে। এরপর সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের অবস্থান।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৩৩ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৬ জনের। বাকি ১২৭ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে হাম ও উপসর্গে মারা গেছেন ৪৮ জন, হবিগঞ্জে ১৭, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৫ জন। মৃত্যুর দিক থেকেও সুনামগঞ্জ সবচেয়ে এগিয়ে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন।
প্রতিদিন নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত, বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি এবং ধারাবাহিকভাবে শিশু মৃত্যুর ঘটনায় সিলেটের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষ করে গত আট দিনে ১৩ জনের মৃত্যু এবং তাদের বড় অংশ শিশু হওয়ায় হাম নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।





