ফিরেছে স্থিতিশীলতা, গতি নেই বিনিয়োগে
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬, ৮:০৮:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে নির্বাচিত সরকার আসার ৬ মাস পেরিয়ে গেলেও বেসরকারি বিনিয়োগ ও ঋণের চাহিদায় এখনো গতি ফিরেনি। তবে এই সময়ে দেশের ব্যবসা ও অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। ব্যাংকিং খাতের দুর্বলতা, উচ্চ সুদহার, মূল্যস্ফীতির চাপ এবং দুর্বল রপ্তানি প্রবৃদ্ধি ব্যবসার পরিবেশের বড় বাধা হয়ে আছে।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, গত ছয় মাসে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক ও সামষ্টিক অর্থনীতির অনিশ্চয়তায়। কিন্তু সেই স্বস্তি এখনো নতুন শিল্প স্থাপন, বড় বিনিয়োগ বা বেসরকারি খাতে ঋণপ্রবাহে প্রতিফলিত হয়নি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, জুনে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ৪ দশমিক ৪৭ শতাংশে। এটি তিন দশকের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থায় অর্থের জোগান থাকলেও নতুন বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের ঋণ নেওয়ার আগ্রহ এখনো দুর্বল।
ব্যবসার পরিবেশের সবচেয়ে উদ্বেগজনক সূচকগুলোর একটি হলো বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। জুনে এই প্রবৃদ্ধি ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি ১৯৯০-এর দশকের পর সর্বনিম্ন পর্যায়ের একটি।
ব্যবসায়ীদের মতে, উচ্চ সুদহার, বাজারে চাহিদার দুর্বলতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক উদ্যোক্তা নতুন ঋণ নিয়ে সম্প্রসারণে যেতে চাইছেন না। এর ফলে অর্থনীতিতে একটি বিপরীত চিত্র তৈরি হয়েছে। একদিকে সরকার বিনিয়োগ বাড়াতে চাইছে, অন্যদিকে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে ঝুঁকি নিতে সতর্ক। এ অবস্থায় ব্যাংকিং খাত সংস্কারকে অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে আইএমএফ। সংস্থাটি বলেছে, ব্যাংকিং খাতের দুর্বলতা মোকাবিলায় বিশ্বাসযোগ্য ও সমন্বিত সংস্কার প্রয়োজন।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, নতুন সরকারকে প্রথমে বিনিয়োগের দিকে নজর দিতে হবে। বিনিয়োগ বাড়ানো ছাড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা কঠিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনো দুর্বল পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। তাদের সামনে এখন বিনিয়োগের খরা কাটানোই বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে উৎরে গেলে অর্থনীতি পরিস্থিতি উন্নতি হবে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য রাখা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়ন অনেক বেশি সতর্ক। জুলাইয়ে বাংলাদেশ সফর শেষে সংস্থাটি বলেছে, বাংলাদেশের মূল্যস্ফীতি, আর্থিক খাতের দুর্বলতা ও রাজস্বসংকট এখনো বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা দ্রুত সমাধান না হলে ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশে নেমে যেতে পারে।
সরকারের ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে আইএমএফের পূর্বাভাসের এই ব্যবধানই অর্থনীতির সামনে থাকা চ্যালেঞ্জের মাত্রা স্পষ্ট করছে। নতুন সরকারের প্রথম বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি আগের অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। সরকারের লক্ষ্য অর্থনীতিকে পুনরুদ্ধার করে বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির পথে নেওয়া। উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।





