লাউয়াছড়া থেকে সেগুন গাছ পাচার : বন বিভাগের উদাসীনতা, নাকি ‘সমঝোতা’?
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৯:৫০ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে বহু বছরের পুরোনো ও বিশালাকৃতির সেগুন গাছ। দেশের অন্যতম প্রধান জীববৈচিত্র্েযর আধার এ উদ্যান থেকে একের পর এক মূল্যবান গাছ উধাও হয়ে যাওয়ায় সামগ্রিক পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি উদ্যানের গভীর অরণ্য ও পরিধি এলাকা থেকে বিশালাকৃতির বেশ কয়েকটি সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ পাচারকারী চক্র। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশ থেকে বিশালাকৃতির একটি সেগুন গাছ কেটে নিয়ে যায় পাচারকারীরা।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের নজরদারি ও টহল জোরদার থাকার পরও কীভাবে ধারাবাহিকভাবে এসব মূল্যবান গাছ পাচার হচ্ছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন মহলের কেউ কেউ মনে করছেন, এটি নিছক বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদাসীনতা কিংবা দায়িত্বে অবহেলার বিষয় নয়; এর পেছনে মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা ও বিট কর্মকর্তার সঙ্গে চোরাকারবারীদের যোগসাজশ বা ‘ম্যানেজ’ প্রক্রিয়া থাকতে পারে। নিয়মিত টহল থাকা সত্ত্বেও দিনের পর দিন এ ধরনের ঘটনা ঘটায় বিষয়টি তদন্তের দাবি রাখে বলে তারা মনে করছেন।
বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত স্থানীয় কর্মীদের একাংশের ভাষ্য, লাউয়াছড়া শুধু একটি বন নয়, এটি বিলুপ্তপ্রায় উল্লুকসহ বহু দুর্লভ প্রজাতির বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। যেভাবে প্রকাশ্যে সেগুন ও অন্যান্য দেশীয় বৃক্ষ কেটে নেওয়া হচ্ছে, তাতে বন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। প্রশাসনিক গাফিলতি কিংবা কোনো ধরনের যোগসাজশ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
গাছ পাচারের অভিযোগ ও ‘ম্যানেজ’ বা যোগসাজশের বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। তাঁর দাবি, পর্যাপ্ত জনবলের অভাব এবং উদ্যানের বিশাল আয়তনের কারণে মাঝে মাঝে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে গাছ কাটার অপচেষ্টা চালায়। বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গাছ কাটার আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়াসহ মামলা করা হচ্ছে।
তবে স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় দায়ের করা মামলার এজাহারে প্রায়ই ‘অজ্ঞাতনামা’ ব্যক্তিদের আসামি করা হয়। ফলে প্রকৃত চোরাকারবারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবুল কালাম বলেন, গাছ পাচারে কারা জড়িত, আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করব। তদন্তে বন বিভাগের কেউ জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





