সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৯:৪৫ অপরাহ্ন
আক্রান্ত বেড়ে ২৭০

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনে। একই সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন দুজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় নতুন শনাক্তদের মধ্যে সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতাল ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ২৭০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫২, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ১২০ এবং মৌলভীবাজারে ২৮ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১১ জন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত, চলতি মৌসুমে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে মারা যান। এর আগে গত ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়।







