কুলাউড়ায় পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় চা বাগানে অভিযান চালিয়ে একটি পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে র্যাব-৯। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজনগর চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোডসংলগ্ন চা বাগানে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় বাগানের ভেতর কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগের মধ্যে পাইপগান ও চায়না রাইফেলের গুলি পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা আলামত কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।







