সিলেটে ৫ ঘণ্টায় ১৪২ মি.মি. বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে মাত্র পাঁচ ঘণ্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাত ১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। এতে গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী দুয়েক দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১২ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াদি শাহ সজীব হোসাইন। তিনি জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে শনিবার (১২ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, সুরমার পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও কুশিয়ারার পানি কমেছে। আগামী তিন দিন সুরমার পানি কমতে পারে। কুশিয়ারার পানি আগামী এক দিন বাড়ার পর পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। এদিকে মনু, ধলাই ও খোয়াইয়ের পানি আগামী এক দিন বাড়ার পর পরবর্তী দুই দিন কমতে পারে।
দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি হতে পারে।







